ঠাকুরগাঁও প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, চেক ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রবিবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রানীশংকৈল-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সরকারি কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং পল্লী উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সম্মাননা স্মারক, আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন