সময় বেলা

আর্কাইভ দেখুন

মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।সোমবার (৮ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনা মৌচাক আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত ১০–১২ জন ব্যক্তি তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার ৫১২ নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের সন্তান। তিনি পেশায় ইট-বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার বলেন, সালিশকে কেন্দ্র করে বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহণের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং যুবদলের বর্তমান নির্বাচিত সাংগঠনিক সম্পাদকরাশেদ মিনহাজের বিরুদ্ধে কুমিল্লা আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উপস্থিত নেতৃবৃন্দু।৮ জুন সোমবার কালিকাপুর বাজারের অভিজাত একটি কমিউনিটি সেন্টারের হলরুমে  বিকাল ৪ ঘটিকার সময় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে  বুড়িচং থানা বিএনপির যুগ্ন  সাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান মনির বলেন, মিথ্যা মামলায় আমার একান্ত বিশ্বস্ত কর্মী রাশেদ মিনহাজকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।আমি উক্ত মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং অচিরেই আমরা বিশাল মানববন্ধন করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।ভুক্তভোগী রাশেদ মিনহাজ বলেন, আমি কালিকাপুর বাজার কমিটির সহ সভাপতি।তাই বাজারের একজন ব্যবসায়ী পাইকোটা গ্রামের জসিমের কাছে মুরগির খাবার বিক্রির বকেয়া টাকা পাওনা নিয়ে ঝামেলা সৃষ্টি হলে আমি উপস্থিত হয়ে তাৎক্ষণিক মীমাংসা করে দেই।  সে মামলায় উল্লেখ করে যে ঘটনার দিন গরু কেনার জন্য টাকা নিয়ে ছয়গ্রাম বাজারে আসছে কিন্তু ঐদিন কোন গরুর হাট বাজার ছিলোনা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।আমি এ ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ এবং মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজালাল,সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহবুব আলম,যুবদলের যথাক্রমে  সোহেল,মীর মামুন,সুলতান আহম্মেদ,মোশাররফ হোসেন,আলামিন,টিটু মাস্টার, মিনহাজ,দুলাল  এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ আলম প্রমুখ।পরিশেষে সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদল ও সহযোগী সংগঠনের বক্তরা বলেন রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের জসিম চিহ্নিত একাধিক মাদক মামলার আসামী।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।জসীম অহেতুক মানুষকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে।আমরা সাধারণ মানুষ তার হয়রানি মামলা থেকে রেহাই চাই পাশাপাশি সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ বিচার কামনা করেন।


রূপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে  মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ৯বছর বয়সী  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮জুন সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে দুইকক্ষের ফ্লাটে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর ভাড়ায় বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন অপর কক্ষে শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়ান। গতকাল সোমবার শিশুটি অন্য মেয়েদের সঙ্গে আরবি প্রাইভেট পড়ার জন্য মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময়ে ওজু শিখানোর নাম করে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যায়। বাথরুমে নিয়ে শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ভয়ভীতি দেখিয়ে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে জাপটে ধরে। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।     এঘটনায় শিশুর মা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।     রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 


 ‎বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

‎বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

‎‎আজ ৮ জুন (সোমবার)  ২০২৬ বেলা ১২ টায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষনিক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এর সঞ্চালনায় ও সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ‎সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহবায়ক শেখ সাদী, আরো বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ছাত্রনেতা ইউশা ইসলাম, ‎‎জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম তার বক্তব্যে বলেন‎,আজকে যখন দেশের সাধারণ মানুষ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে, দেশের মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই সরকার কোনো গণশুনানি ছাড়া হঠাৎ করে বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৭ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা মনে করি, এটি একটি গনবিরোধী সিদ্ধান্ত, সাধারণ মানুষের পকেট কেটে বিদ্যুৎ খাতে লুটপাটের ঘাটতি পূরণ করার একটি অমানবিক উৎসব। বিগত সময় আমরা দেখেছি, পতিত সরকার বড় বড় কর্পোরেট গ্রুপগুলোর চুরি-দূর্নীতিকে জনগণের উপর চাপিয়ে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে জনগণের পকেট কেটেছে। আমরা দেখেছি যখন কৃষক-শ্রমিকরা ন্যায্য মজুরী না পেয়ে না খেয়ে মরছে সেখানে ওরিয়ন, সামিটের মতো বড় বড় কর্পোরেট গ্রুপগুলো তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান করেছে। এবং সরকার তাদের এই গনবিরোধী চুক্তি রক্ষা করে জনগণের জীবনকে অতিষ্ট করে তুলেছে। আমরা দেখলাম, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের নির্বাচিত সরকার সেই চুক্তি বহাল রেখে এখনো বিদ্যুৎখাতে অব্যবস্থাপনা ও দূর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে বিদ্যুতের দাম খুচরা ও পাইকারীতে গড়ে ১৭-২০ শতাংশ বৃদ্ধি করেছে। তারা বলছে মূল্যবৃদ্ধি না করলে পিডিবির ঘাটতি প্রায় ৬২,০০০ কোটি টাকায় পৌঁছাতো।সবশেষে ইউশা ইসলাম আরও বলেন, মূল্যবৃদ্ধির পর কথা ছিলো আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাবো। কিন্তু, আমরা দেখবো দেশের বিভিন্ন অঞ্চলে ১০ ঘন্টায় ১০ বার লোডশেডিং হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা হুশিয়ার করে বলি, অবিলম্বে বর্ধিত বিদ্যুতের অযৌক্তিক মূল্য প্রত্যাহার করতে হবে, বিদ্যুৎখাতে অব্যবস্থাপনা, চুরি-দূর্নীতির সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে সকল গনবিরোধী চুক্তি বন্ধ করে দেশের অর্থনীতির চাকা সচল করতে হবে। বিদ্যুৎসেবা নাগরিকের অধিকার। ফলে, নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়ে কৃষক-শ্রমিকসহ শ্রমজীবী মানুষের ঘরে স্বল্পমূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানী সেবা পৌঁছে দিতে হবে।সভাপতির বক্তব্যে ছাত্রনেতা সাইদুর রহমান বলেন,‎বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাংলাদেশের সকল জনগণের জন্য দূর্ভোগ ডেকে এনেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত। বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জীবন যেমন নাভিশ্বাস করে তুলেছে তেমনি দেশের অর্থনীতির ভরাডুবি করছে। দেশে চলমান ভয়াবহ মূল্যস্ফীতির সময়ে বিদ্যুৎএর দাম হঠাৎ ১৬.৬৮% বৃদ্ধি পেয়েছে যার জন্য কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দ্রব্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে না কিন্তু তারপরই আমরা দেখতে পাই বিদ্যুতের মূল্য বেড়েছে। কিছুদিন আগে দেখলাম, তেল নিয়ে নাটক। সরকার বলছিলো পর্যাপ্ত তেল আছে, এদিকে পাম্পগুলোতে দুয়েক কি:মি এর সিরিয়াল তেল নাই। অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা তেল মজুদ রেখে ১২০ এর তেল ২২০-২৫০ করে বিক্রি করেছে। পরে দেখলাম, সেই সিন্ডিকেট না ভেঙে সরকার হুট করে তেলের দামও বাড়িয়ে দিলো। তারপর, পরিবহন খাতে নাগরিককে চরম ভর্তুকি দিতে হলো, এখনো তা দিতে হচ্ছে। এর উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি যেনো মরার উপর খাড়ার ঘা!‎আমরা সরকারকে কড়াভাবে হুশিয়ারি দিচ্ছি জনগণের সাথে এমন প্রহসণের খেলা খেললে আপনাদের অবস্থাও পূর্ববর্তী সরকারের মতই হবে। যেটা আপনারা ২ বছর আগে জুলাই অভ্যুত্থানে দেখতে পেয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্য বলেন  দিন দিন ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই বাড়ছে। আমরা প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। বরবগ তারা নানান জায়গায় আইনের অপব্যবহার করে অপতৎপরতা চালাচ্ছে। আমরা বলবো, আপনারা যদি এইভাবে প্রহসনের দেশ চালাতে চান তাহলে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিন। ‎তিনি সরকারের উদ্যেশ্যে বলেন আপনারা জনগণের বসবাস যোগ্য শাসন ব্যবস্থা করুন। জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন, মানুষের অধিকার ফিরিয়ে দিন।উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ সাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মোঃ সোহাগসহ বিভিন্ন শাখা-অঞ্চলের নেতৃবৃন্দ।


নারায়ণগঞ্জে মীর্জা ফকরুল ইসলাম আলমগীর

নারায়ণগঞ্জে মীর্জা ফকরুল ইসলাম আলমগীর

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।‎‎সোমবার (৮ জুন) সকাল ১০টায় প্রকল্প এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।‎‎পরিদর্শনকালে মন্ত্রী বলেন, মেঘনা নদীর পানি শোধন করে রাজধানী ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার উৎপাদন সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের জন্য ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে।‎‎তিনি জানান, দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প হিসেবে বাস্তবায়িত এ উদ্যোগে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মূল অবকাঠামোগত কাজের প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে এটি চালুর ব্যবস্থা করা হবে।‎‎মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি চালু হলে ঢাকার নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।‎‎এসময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।তিনি বলেন, বর্তমানে আমাদের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশের ওষুধ রপ্তানির পরিসর আরও বাড়বে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অতীত সরকারের সময় স্বাস্থ্য সরঞ্জাম ও ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পর্যাপ্ত অগ্রগতি হয়নি। এমনকি ভেন্টিলেটর ও সিরিঞ্জের মতো জরুরি চিকিৎসা উপকরণেরও ঘাটতি ছিল। তবে পরবর্তীতে বেসরকারি খাতের সহযোগিতায় স্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে।ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জানান, রোগীর চিকিৎসা ব্যবস্থাকে সহায়তা করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এক লাখ ইউনিট আইভি স্যালাইন অনুদান হিসেবে দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় স্টোরে এক লাখ স্যালাইন মজুত রয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার ইউনিট স্যালাইন মজুত রয়েছে। তবে প্রয়োজন বাড়লে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতিও রাখা হয়েছে।আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও দু’দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আক্রান্তের হার কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।ডেঙ্গু  আক্রন্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যখাত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।


বন্দরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।‎‎সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বন্দর উপজেলার বালিয়া এলাকায় শফি মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।‎‎গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আল ইসলামের ছেলে বিল্লাল (২৬)এবং বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জাহাঙ্গীরের ছেলে শৈয়ব(২৫)।‎‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।‎‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে।‎‎র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।


নতুন বেতন কাঠামো নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা

নতুন বেতন কাঠামো নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা

নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক যুগ পার হতে চললেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বেতন কাঠামোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশসহ পে কমিশনের বিভিন্ন প্রস্তাবনা প্রকাশিত হলেও এখনো চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। তাদের দাবি, আংশিক নয়, বরং একবারেই পূর্ণাঙ্গ নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিতে হবে।চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির উদ্যোগ ইতিবাচক হলেও উচ্চ মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তব জীবনের আর্থিক চাপ কমাতে পর্যাপ্ত হবে না। তারা এক ধাপে শতভাগ নতুন পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন।এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার আলোচনা থাকলেও জুনের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। 


প্রধানমন্ত্রী ও আজাদের হস্তক্ষেপ কামনা

প্রধানমন্ত্রী ও আজাদের হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার চিহ্নিত লেডি সন্ত্রাসী সীমা আক্তার, তার সহযোগী ডাকাত শাহিনুর বাহিনীর হয়রানি বন্ধ ও দখলকৃত বাড়ি উদ্ধার এবং বৃদ্ধ পিতা,দাদীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে কলেজ ছাত্রী তাসনুভা জাহান পারুল।রবিবার (৭ জুন) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় সংবাদ সম্মেলনে এ দাবী জানান।তাসনুভা জাহান পারুল লিখিত বক্তব্যে বলেন,গত ২০০১ সালে আমার মাতা সীমা আক্তারের অনৈতিক সম্পর্কের কারনে আমার পিতা আমার মাতাকে আড়াই হাজার নারায়ণগঞ্জ সহকারী জজ (পারিবারিক) আদালত এর মাধ্যমে তালাক প্রদান করেন। তালাক প্রদানের সময় আমার বয়স ছিল মাত্র ০৪ বছর এবং আমার ছোট বোন তাবাসসুম জাহান শাহানাজ এর বয়স ছিল মাত্র ০২ বছর। আমাদের পিতা অনেক কষ্টে মায়ের অভাব বুঝতে না দিয়ে আমাদেরকে লালন-পালন করে বড় করে তুলেছেন। আমরা বড় হয়ে জানতে পারি আমাদের মাতা একাধিক বিয়ে করেছেন এবং সেই সংসারে তার আরো কন্যা ও পুত্র সন্তান আছে।তারা হলো স্মৃতি আক্তার, শাওন ও সিয়াম।আমার মাতা সীমা আক্তার বর্তমানে আমার পিতার সাথে আদালত-কর্তৃক তালাকের রায়, তার অন্যত্র বিয়ে এবং তার সন্তানগনকে অস্বীকার করছেন।আমাদের পিতা তার সকল সহায় সম্পত্তি আমাদের দুই বোনের নামে ২০২২ সালে রেজিষ্ট্রি মূলে দলিল করে দেন। যেহেতু আমাদের কোন আপন ভাই নেই। সকল সম্পত্তির দলিল মুলে মালিক হয়ে আমরা দুই বোন নিজ নিজ নামে নামজারী করে ভোগ দখল করে আসছি।বিএনপি পন্থী পরিবার হওয়ায় আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এসপি নজরুল ইসলাম বাবুর দেহ রক্ষীতা হিসেবে সীমা আক্তার সম্পত্তির লোভে আমাদের বাড়ি দখলের চেষ্ট করে।কিন্তু স্থানীয় প্রতিবেশি এবং বিএনপি নেতাকর্মীদের সহায়তায় আমরা তাকে প্রতিহত করতে পেরেছিলাম।জুলাই-আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমার মাতা সীমা আক্তার বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর নাম ব্যাবহার করে আমাদের বাড়ি দখলের চেষ্টা করে, উক্ত ঘটনা তৎকালীন সময় আইন শৃঙ্খলা,সেনাবাহিনী এবং মিডিয়ার ভাইদের সহযোগীতায় আমরা আমাদের বাড়ি রক্ষা করতে পেরেছিলাম কিন্তু উক্ত ঘটনার কারণে আমার পিতা স্ট্রোক করেন।তারপর থেকে আমি আমার ছোট বোন, অসুস্থ পিতা এবং বৃদ্ধ দাদীকে-নিয়ে আমাদের বাড়িতে বসবাস করে আসছি, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে আমার মাতা সীমা আক্তার, তার কন্যা স্মৃতি আক্তার এবং স্থানীয় কিছু সন্ত্রাসীদের সাথে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুনরায় আমাদের বাড়ি দখলের উদ্দেশ্যে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আমাদেরকে মারধর করে এবং আমাদের বাড়ি দখল করে।সীমা আক্তার বলেন, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, তার ভাই রাকিবুল ইসলাম রাকিব এবং তাদের মায়ের নির্দেশে আমাদের বাড়ি দখল করেছেন।আড়াই হাজার থানার এসআই আনোয়ার পারভেজ, সীমা আক্তারের হয়ে আমাদের বাড়িতে এসে জোরপূর্বক বেআইনিভাবে আমার পিতার তালাকপ্রাপ্ত স্ত্রী- সীমা আক্তারকে আমাদের বাড়ির চাবি এবং দখল বুঝিয়ে দিয়ে যায়।এসআই বলেন, এই মহিলাকে আশ্রয় না দিলে, তার সিদ্ধান্ত মেনে না নিলে আমাদেরকে এমন মামলা দিবে যাতে সারাজীবন জেলে কাটাতে হয়।এসআই আনোয়ার পারভেজ বলেন, এটা নাকি নজরুল ইসলাম আজাদ  এমপি সাহেবের নির্দেশ, তারপর সীমা আক্তার আমাদের দুই বোনের সম্পত্তি তার নামে লিখিত ভাবে নেওয়ার জন্য আমাদেরকে জিম্মি করে অত্যাচার করে।আমি অনেক কষ্টে ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে বাড়ি থেকে পালিয়ে আদালতে গিয়ে মামলা করি।তারপর সীমা আক্তার, তার কন্যা স্মৃতি আক্তার, তাদের সহযোগী স্থানীয় ডাকাত-শাহিনুর, ডাকাত জাহাঙ্গীর, শাহিনুরের এক ভাই বশির এবং স্থানীয় বিএনপি নেতা জুয়েল এর সহযোগিতায় আমার অসুস্থ পিতা, বৃদ্ধ দাদীকে জিম্মি করে রেখেছে। আমাদের বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্নালংকার,আসবাবপত্র, পুকুরের মাছ, টিনশীড বিল্ডিং করার সরঞ্জাম, টিনশীড বিল্ডিং এর টিনের চাল পর্যন্ত লুট করে নিয়ে যায়।এতে ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা। এখানেও তারা শান্ত না হয়ে আড়াই হাজার পুলিশ প্রশাসনের সহযোগীতায মিথ্যা বানোয়াট হয়রানিমূলক মামলা দিয়ে আমার ছোট বোনকে পুলিশে সোপর্দ করে আমাদের বাড়ি পুন: রায় দখল করে।আমিও সেই মিথ্যা মামলার আসামি, সকল আসামিরা জামিনে আছি। সীমা আক্তার, তার সন্ত্রাসী বাহিনী,আড়াইহাজার থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের ভয়ে আমরা দুই বোন বাড়িতে দূরের কথা এলাকাতে যেতে পারছিনা।বর্তমানে আমার বৃদ্ধ দাদী, আমার অসুস্থ পিতা এবং আমার আদরের পালিত বিদেশি স্পীচ জাতের বিদেশি কুকুর হানি তাদের হাতে জিম্মি আছে।  আমাদের বাড়ি তারা দখল করে রেখেছে। সীমা আক্তার এবং তার সহযোগীদের দাবি আমরা দুই-বোন যাতে আমাদের সকল সম্পত্তি তাদের নামে লিখিতভাবে দিয়ে দেই- নতুবা আমার বৃদ্ধ দাদী, অসুস্থ পিতা, আমার পালিত কুকুর হানিকে খুন করে ঘুম করে ফেলবে।আমি এখন নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব এর কাছে সহযোগিতা কামনা করছি। আমরা যাতে আমাদের বাড়িতে আবার নিরাপদ ও শান্তিপূর্নভাবে বসবাস করতে পারি।নজরুল ইসলাম আজাদের নাম ব্যবহার করে  মিথ্যা হয়রানিমূলক-মামলা দিয়ে আমাদের যে হয়রানি করা হচ্ছে তার একটি সঠিক বিচার করে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদ, তার ও ছোট ভাই-রাকিবুল ইসনাম রাকিব এর নিকট পূনরায় অনুরোধ করছি।সেই সাথে এমপি আজাদ ও রাকিব সাহেবের এবং বিএনপির দূর্নাম করায়  সীমা আক্তার, তার কন্যা স্মৃতি আক্তার, স্থানীয় ডাকাত শাহিনুর, জাহাঙ্গীর,শাহিনুর এর ভাই বশির, বিএনপি নেতা জুয়েল এর বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের এমপি নজরুল ইসলাম আজাদ মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি।


হাম সন্দেহে সাত শিশুর মৃত্যু

হাম সন্দেহে সাত শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট সাত জন শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা  এক হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৯ হাজার ১২ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৬৮৬ জন।গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৮৪ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।


 ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

দেশে হামের প্রাদুর্ভাব, টিকা সংকট এবং শিশু মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়েরের আবেদন করেন।মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তে ভুল এবং হামের টিকা যথাসময়ে আমদানি না করার কারণে দেশে টিকার তীব্র সংকট সৃষ্টি হয়। এর ফলে হামের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ও হাজার হাজার শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।এ বিষয়ে গত ২০ মে হামের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ জানায়, হামের টিকা সংকট নিয়ে তারা তৎকালীন সরকারকে একাধিকবার সতর্ক করেছিল। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, সংস্থাটি এ বিষয়ে ১০ বার সতর্কবার্তা এবং ৫টি আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল। তবে টিকা সংগ্রহে অর্থের অভাব নয়, বরং ক্রয়-সংক্রান্ত জটিলতার কারণেই সরবরাহ সংকট তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।শুনানি শেষে আদালত মামলার প্রাথমিক উপাদান না পাওয়ায় আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আইন সংশ্লিষ্টরা বলছেন, আদালত কোনো মামলার আবেদনে অভিযোগের পক্ষে পর্যাপ্ত আইনগত ভিত্তি বা গ্রহণযোগ্য উপাদান না পেলে তা খারিজ করার এখতিয়ার রাখেন। এরই ধারাবাহিকতায় আদালত এ মামলার আবেদনটি গ্রহণ না করে খারিজের আদেশ দিয়েছেন।


ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫টি দেশে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের (Android Earthquake Alerts System) প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে ভূমিকম্পটির আনুমানিক তীব্রতা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা (Punakha) শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। মাটির তলদেশে হওয়া এই শক্তিশালী কম্পনের ফলে ভূটান ছাড়াও এর পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল তীব্রভাবে কেঁপে ওঠে।প্রাথমিক রিপোর্টে জানা গেছে, এই ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে— বাংলাদেশ, নেপাল, ভারত, ভূটান ও চীন। মাঝরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, নতুন বা বড় ভূমিকম্পের ক্ষেত্রে অফিশিয়াল ও চূড়ান্ত রিপোর্ট আসতে কিছুটা দেরি হতে পারে। প্রকৃত ক্ষয়ক্ষতি ও তীব্রতার সঠিক পরিমাপ জানতে অফিশিয়াল সোর্সগুলোর রিপোর্টের ওপর নজর রাখা হচ্ছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে এ প্রসঙ্গে বলেন, “রংপুর বিভাগে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। আমরা বিস্তারিত তথ্য পর্যালোচনা করছি।”


কুবিতে দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ অনুষ্ঠিত

কুবিতে দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ অনুষ্ঠিত

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

লালমোহনে পাচারের সময় ৩০ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান আটক

লালমোহনে পাচারের সময় ৩০ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান আটক

উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান

উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান

আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান