দীর্ঘদিনের ময়লার স্তূপে ঢাকা পড়েছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার প্রবেশপথের একাংশ। পাশে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ায় দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। অবশেষে প্রশাসনের উদ্যোগে সরানো হয়েছে জমে থাকা সেই ময়লা।শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় অভিযান চালিয়ে ময়লার স্তূপ পরিষ্কার করেন। এতে পৌরসভার প্রবেশমুখটি অনেকটাই স্বাভাবিক ও পরিচ্ছন্ন হয়ে উঠেছে।পরিচ্ছন্নতা কার্যক্রমে রাণীশংকৈল রোভার স্কাউট, বিএনসিসি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।এদিকে শিবদীঘি বাজারে যাতে যত্রতত্র ময়লা না ফেলা হয়, সে জন্য বাজার কমিটির কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি বড় ডাস্টবিন দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানে ময়লা ফেলতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ময়লার স্তূপ অপসারণের ফলে পৌরসভার গুরুত্বপূর্ণ প্রবেশপথের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে পারলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।