সময় বেলা

রুপালি পর্দা

নরসিংদীর ঐতিহ্যের রঙে সাজছে এবারের ইত্যাদি

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বে উঠে আসছে প্রাচীন জনপদ নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবগাঁথা। জেলার রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত হয়েছে মনোমুগ্ধকর মঞ্চ, যেখানে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব।এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুটি ব্যতিক্রমধর্মী গান। এর মধ্যে নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’ পরিবেশন করেছেন একটি ফোক-ফিউশনধর্মী গান। পাশাপাশি নরসিংদীর ইতিহাস, কৃষ্টি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত পরিচিতিমূলক নৃত্যগীতও স্থান পেয়েছে অনুষ্ঠানে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত এই আয়োজনে রয়েছে জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাণবন্ত উপস্থাপনা।অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তুলে ধরা হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বর, ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুর মতো নরসিংদীর বিশেষ পরিচিতিগুলো। এছাড়া জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিত্বদের জীবন ও অবদান নিয়েও থাকবে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা।দর্শক অংশগ্রহণমূলক কুইজ, নাট্যাংশ, সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যঙ্গধর্মী পরিবেশনা এবং মানবিক প্রতিবেদনও এবারের পর্বকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। বিশেষভাবে স্থান পেয়েছে খুলনার দৃষ্টিহীন প্রবীণ চিত্তরঞ্জন মহালদারের সংগ্রামী জীবনের গল্প, যা দর্শকদের অনুপ্রাণিত করবে।বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আগামী ৫ জুন রাত ৮টায় বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

নরসিংদীর ঐতিহ্যের রঙে সাজছে এবারের ইত্যাদি