বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই ট্যাক্সি
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কোম্পানি। চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।রবিবার (১৭ মে) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানির প্রতিনিধিদল এ তথ্য জানায়।প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার চালক তাদের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি চালকদের কাজের মানে সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি নতুন করে ১ হাজার ৫০ জনসহ মোট ৬ হাজার চালক নিয়োগ দিতে চায়।সোমবার (১৮ মে) রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণকালীন সময়ে চালকদের বেতন-ভাতা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চালকের পাশাপাশি চিকিৎসক ও নার্সের মতো দক্ষ পেশাজীবী কর্মী নেওয়ারও অনুরোধ করেন তিনি।মন্ত্রী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে সরকার আশাবাদী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে দুবাই যেতে অভিবাসন ব্যয় অনেক বেশি। দরিদ্র মানুষ ঋণ নিয়ে বিদেশে যাচ্ছেন উল্লেখ করে তিনি নিয়োগ ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান।দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চালকের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেও বাংলাদেশি কর্মী নিয়োগে তাদের আগ্রহ রয়েছে।এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।