সময় বেলা

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট অংশীজনরা এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব উঠে আসে।সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, বর্তমানে এপ্রিল মাসে এসএসসি এবং জুলাই মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সময়সূচিতে পরিবর্তন এনে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় অপচয় কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।সভা শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, সভায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনাকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে দেখা যেতে পারে।তিনি জানান, অধিকাংশ অংশীজনের মতামত ছিল—জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং জুনের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ও ভর্তি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।সভা শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে চায়। পরীক্ষা আয়োজনের সময় এবং শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় আনার বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছে।তিনি আরও বলেন, সরকার বিবেচনা করছে ২০২৭ সাল থেকেই ডিসেম্বরের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, নাকি ২০২৮ সালে গিয়ে পুরোপুরি নতুন সময়সূচি বাস্তবায়ন করা হবে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের স্বার্থ ও সম্ভাব্য ক্ষতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার প্রস্তাব