উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
মোঃ শাহজাহান বাশারকুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ইউনিয়নের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে তিনি তাঁর অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন।সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোঃ জসিম উদ্দিন বলেন, মাদক একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিস্তার রোধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সহযোগিতা নিয়ে এলাকাবাসীকে সঙ্গে করে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান তিনি।উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে বাকশীমূল ইউনিয়নের প্রতিটি এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যোগাযোগব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও জানান, ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে জনগণের মতামত ও স্থানীয় চাহিদাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে চান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করাই তাঁর প্রত্যাশা।নিজের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মোঃ জসিম উদ্দিন বলেন, জনগণের সহযোগিতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগ থাকলে বাকশীমূল ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।এ সময় তিনি বাকশীমূল ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।