উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগে আবদুল করিম নামে জামায়াতের এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার জেপি স্কুল ভোটকেন্দ্রে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ও অনুসন্ধান বিচারিক কমিটির বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রীমা।জরিমানাপ্রাপ্ত আবদুল করিম জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও ওই ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ ছাড়া প্রার্থীর বুথের এজেন্টের কার্যালয় থেকেও লিফলেট বিতরণের অভিযোগ ওঠে। পরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আবদুল করিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটিতে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।