উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
সোজাসাপটা রিপোর্টনারায়ণগঞ্জ নগরীতে পানি সরবরাহ নিয়ে নতুন করে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সিটি করপোরেশনের সরবরাহ করা পানিতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রান্না, গোসলসহ দৈনন্দিন কাজে পানি ব্যবহার করতে পারছেন না অনেকে। কয়েক দিন ধরে শহরের একাধিক এলাকায় এ পরিস্থিতি চলছে। পানির পাইপে ছিদ্র দিয়ে ড্রেনের নোংরা পানি প্রবেশ করায় এমনটি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।নগরীর চাষাঢ়া বাগে জান্নাত, উত্তর চাষাঢ়া, মিশনপাড়া, আমলাপাড়া ও জামতলাসহ বিভিন্ন এলাকায় পানিতে দুর্গন্ধের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও পানি মুখে নেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিকল্প পানির ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যেসব পরিবারের নিজস্ব রিজার্ভ ট্যাংক বা সাবমারসিবল পাম্প নেই, তাঁদের সদস্যরা।চাষাঢ়া বাগে জান্নাত এলাকার বাসিন্দা মেহরাব ইসলাম বলেন, কয়েক দিন ধরে সরবরাহের পানিতে এমন দুর্গন্ধ যে তা দিয়ে ওজু করতে গিয়ে কুলি করাও কষ্টকর হয়ে পড়েছে। যাঁদের বাসায় রিজার্ভ ট্যাংক রয়েছে, তাঁরা কিছুটা স্বস্তিতে থাকলেও অন্যদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।একই সমস্যার কথা জানিয়েছেন জামতলা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রাসেল। তিনি বলেন, তাঁদের এলাকায়ও সরবরাহের পানিতে দুর্গন্ধ থাকায় প্রয়োজনীয় কাজ সারতে অন্যের বাসা থেকে পানি আনতে হচ্ছে। যাঁদের বাড়িতে সাবমারসিবল পাম্প রয়েছে, তাঁদের কাছ থেকে পানি নিয়ে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে।নাসিকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন স্থানে ডিপ ড্রেন নির্মাণের সময় পানির সরবরাহ লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ওই ছিদ্র দিয়ে ড্রেনের দূষিত পানি পাইপে প্রবেশ করলে সরবরাহের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।সিটি করপোরেশনের ওয়াসা বিভাগের দায়িত্বে থাকা প্রকৌশলী জুবায়ের জানান, আমলাপাড়াসহ কয়েকটি এলাকায় ডিপ ড্রেনের কাজ চলার সময় পানির পাইপলাইনে ছিদ্র তৈরি হয়ে এ সমস্যা হতে পারে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়েছে। তবে ড্রেনের ভেতরে থাকা ময়লার কারণে পানিতে এখনো দুর্গন্ধ থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এ বিষয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরীর বিভিন্ন স্থানে পানির পাইপলাইন অনেক পুরোনো হয়ে যাওয়ায় এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে পানি সরবরাহের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তবে দুর্গন্ধযুক্ত পানি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত তা ব্যবহার নিয়ে নগরবাসীর উদ্বেগ কাটছে না। পাইপলাইন মেরামতের পাশাপাশি সরবরাহ করা পানির মান পরীক্ষা করে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।