উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ আদায় করে প্রাতঃভ্রমণে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে স্বজনেরা তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাতঃভ্রমণে বের হয়ে একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।