উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮তম ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন খাবার ও পণ্য প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তুলে ধরেন।মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মো. এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।মেলায় শিক্ষার্থীদের তৈরি খাবারের স্বাদ গ্রহণ ও তাদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। তিনি বলেন, তরুণদের এ ধরনের সক্রিয়তা এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা অত্যন্ত প্রশংসনীয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় তিনি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, উৎসবের পাশাপাশি পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শব্দদূষণের বিষয়ে যেমন সচেতন থাকতে হবে, তেমনি মেলা প্রাঙ্গণের পরিচ্ছন্নতাও নিশ্চিত করতে হবে। আয়োজন শেষে মেলা প্রাঙ্গণ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শিক্ষার্থীদেরই নিতে হবে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসা পরিচালনা, পণ্য উপস্থাপন, বিপণন ও গ্রাহকসেবাসহ উদ্যোক্তা হওয়ার বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।