উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত মনোয়ারা জুট মিল হতে ১টি দেশীয় এলজি ও ৯ রাউন্ড থানা হতে লুন্ঠিত শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় পরিত্যক্ত ওই জুট মিলে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় এলজি ও কার্তুজ উদ্ধার করে এসআরবি।বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান পরিচালনাকালে উক্ত স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে তল্লাশী করে ১টি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানটি এসআরবি-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ জানিয়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।