উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
পোশাক শিল্পে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে বিকেএমইএ’র আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। জুলাই ও আগস্ট ২০২৬ মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।বিকেএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর মধ্যে নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের চাপও উদ্যোক্তাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে দুই মাসের বিল কিস্তিতে পরিশোধের সুযোগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে মনে করছে সংগঠনটি।সরকারের এ নির্দেশনার ফলে জুলাই–আগস্ট ২০২৬-এর গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।বিকেএমইএ জানিয়েছে, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন সচল রাখা এবং উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মহলে নিয়মিতভাবে বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে। শিল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।