উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
বিকেএমইএ’র দাবির পরিপ্রেক্ষিতে ১০ থেকে ৩০ কাউন্ট সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। নিটওয়্যার খাতের রপ্তানি কার্যক্রম সচল রাখা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন—বিকেএমইএ।সংগঠনটি জানায়, উচ্চ ব্যাংক সুদের সময়ে আমদানিকারকদের ওপর ব্যাংক গ্যারান্টির অতিরিক্ত চাপ তৈরি হলে পোশাকশিল্পের চলতি মূলধন আটকে যাওয়ার আশঙ্কা ছিল। একই সঙ্গে জ্বালানি সংকট ও সীমিত উৎপাদন সক্ষমতার কারণে দেশীয় স্পিনিং মিলগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারত। এতে বাজারে সুতার কৃত্রিম সংকট এবং একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরির ঝুঁকিও দেখা দিত।বিকেএমইএ’র পক্ষ থেকে আরও বলা হয়, এসব বিষয় বিবেচনায় নিয়ে ১০-৩০ কাউন্ট সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংগঠনটির উদ্যোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্তটি স্থগিতের চূড়ান্ত নির্দেশনা দিয়েছে।বিকেএমইএ মনে করছে, এ সিদ্ধান্তের ফলে নিটওয়্যার খাতের রপ্তানি আদেশ বাস্তবায়ন, নির্ধারিত লিড টাইম বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের সুনাম অক্ষুণ্ণ রাখা সহজ হবে।শিল্প ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিকেএমইএ। দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সংগঠনটি।