উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎপাদন, রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা সুরক্ষায় আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এর অনুচ্ছেদ ২৫-এর উপ-অনুচ্ছেদ (১২) বিলুপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।বিকেএমইএর পক্ষ থেকে এর আগে আমদানি নীতি আদেশের ওই উপ-অনুচ্ছেদটি বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শিল্পখাতের বাস্তবতা ও রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবটি গ্রহণ করে অনুচ্ছেদটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ায় সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।এক বিবৃতিতে মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানিমুখী পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, শিল্পখাতের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের প্রতি সরকার ইতিবাচক সাড়া দিয়ে অনুচ্ছেদ ২৫-এর উপ-অনুচ্ছেদ (১২) বিলুপ্ত করার যে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে, তা পোশাকশিল্পের জন্য ইতিবাচক। এ সিদ্ধান্তের জন্য পোশাকশিল্প পরিবারের পক্ষ থেকে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।বিকেএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা ও শিল্পবান্ধব নীতিগত পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তার মতে, শিল্পের প্রয়োজন ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হলে দেশের পোশাকশিল্প আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সহায়ক হবে।