উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমোদনের পর তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর। আবেদনে উল্লেখ করা হয়, মায়ের অসুস্থতা ও জীবনের শেষ সময়ে পাশে থাকার সুযোগ হয়নি চিন্ময়ের। তাই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার উপস্থিতি পরিবারের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।আবেদনে মানবিক ও ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি অথবা প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়। আবেদনের সঙ্গে মৃতের মৃত্যুসনদ এবং আবেদনকারীর পরিচয়পত্রের প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়।পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেয়। এ সিদ্ধান্তের পর সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।পুণ্ডরিক ধাম কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।