উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কচুয়া পৌরসভা ও উপজেলার গোহট উত্তর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে প্রথম অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) সোহেল খান ও সঙ্গীয় ফোর্স। রাত সাড়ে ৭টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পল্টন রোডে রিজিক আল হালাল রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।অপরদিকে, একই দিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কচুয়া থানার এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়ীয়া চকিদার বাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় আলমগীরের টিনের ঘরের পশ্চিম পাশের একটি কক্ষ থেকে শিউলি বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির অধীনে পৃথক মামলা করা হয়েছে। খোকন মিয়ার বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-১০ এবং শিউলি বেগমের বিরুদ্ধে এফআইআর নং-১১ দায়ের করা হয়। উভয় মামলার তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬।পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।