উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখা। অনুষ্ঠানে বক্তারা জুলাই অভ্যুত্থানে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অবদানের যথাযথ স্বীকৃতি, শহীদদের রক্তের ন্যায়বিচার এবং দেশের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শরীফ উল্লাহ। এতে সভাপতিত্ব করেন মুফতি কাসেম আল হোসাইনী এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা নূর হোসাইন নূরানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুফতি কেফায়েত উল্লাহ (অর্থ সম্পাদক), মুফতি হুজাইফা আল মাহদী (প্রচার সম্পাদক), মুফতি নুরুস সালাম (সাংগঠনিক সম্পাদক), মুফতি আল আমিন (১নং ওয়ার্ড সভাপতি), মাওলানা মাহমুদুল হাসান (সেক্রেটারি) সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- গত ১৭ বছর নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া এবং জুলাই অভ্যুত্থানে আলেম-ওলামা ও ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে কওমি সনদকে সরকারি চাকরিতে যথাযথ মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ, হিযবুত তাওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।