উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ||
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নামে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামকে হত্যাকাণ্ডের সময় তিনি র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন এবং সেনা বাহিনীতে তখন তার পদ মর্যাদা ছিল লে. কর্নেল। গত রোববার একরামুল হককে 'ক্রসফায়ারের' নামে মানবতাবিরোধী অপরাধে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত এ অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।