উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম.এ. আরিফ, স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাজার এলাকার। রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী সোহাগ ওরফে জুলহাস (২৭) পলাতক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তানিয়ার স্বামী সোহাগ ওরফে জুলহাস ঘরের চাবি মামাতো শ্যালিকা নাছিমাকে দিয়ে বলেন, তোমার বোন সকাল ৭টায় গার্মেন্টে গেছে। একথা বলে তিনি স্থান ত্যাগ করে। বেলা সাড়ে ১১টায় তানিয়া ঐ ঘরের দরজার তালা খুলে দেখে তার ফুফাতো বোন মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় নাছিমা চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোক আসলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের মর্গে পাঠায়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, তানিয়ার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা তদন্ত করছি। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।