উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, দেশে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। প্রায়ই ছোট ছোট শিশু পানিতে পড়ে প্রাণ হারানোর খবর পাওয়া যায়। এ কারণে সরকার শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশের ২২টি জেলায় এ কার্যক্রম চলছে। ভবিষ্যতে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম একসময় মানুষের আশার প্রতীক ছিল। কিন্তু বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। তাই দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।শনিবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফতুল্লা স্টেডিয়ামের বিষয়ে তিনি বলেন, “আমি আসতে আসতে স্টেডিয়ামটি দেখেছি। এটি একসময় আপনাদের আশার জায়গা ছিল, এখন নিরাশার জায়গায় পরিণত হয়েছে। স্টেডিয়ামটির অবস্থা খুবই জরাজীর্ণ। এর সংস্কারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।”দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে। বর্তমান সরকার সেই সংস্কৃতি বন্ধ করতে চায়। তিনি জানান, রংপুরের পীরগঞ্জে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে পাথরের পরিবর্তে ইট এবং সিমেন্টের বদলে বালু ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, জনগণের টাকায় নির্মিত কোনো প্রতিষ্ঠান যেন দুর্নীতির কারণে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোথাও অনিয়ম দেখলে জনগণকেও তা সরকারের নজরে আনার আহ্বান জানান তিনি।বক্তব্যের শেষদিকে প্রতিমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে এলে নিজের পরিবারের কাছেই এসেছি বলে মনে হয়। এখানকার সাবেক খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ আমি সবসময়ই নেওয়ার চেষ্টা করি।”