উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।সোমবার সকালে জলাবদ্ধতায় হাঁটুসমান পানিতে আটকে পড়া পরীক্ষার্থীদের নৌকায় করে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।আকস্মিক এ উদ্যোগে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই প্রশাসকের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেন এবং দুর্যোগের সময় প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।এ বিষয়ে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়। তবে নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করা, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে নগরবাসীকে এমন ভোগান্তিতে পড়তে না হয়।”কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে তদারকি ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।