উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাসিনুজ্জামান মিন্টু , উপজেলা প্রতিনিধি, রানীশংকৈল ||
হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের তরুণ সুজন আলীর জীবনে নতুন স্বপ্নের সূচনা হয়েছিল মাত্র ১৭ দিন আগে। সংসার গড়ার সেই স্বপ্ন নিয়েই সম্প্রতি বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দাম্পত্য জীবনের সুখ বেশিদিন উপভোগ করা হলো না। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তার প্রাণ।পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পাঁচ দিন পরই কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরে যান ২৩ বছর বয়সী সুজন। রাজধানীতে একটি বাসা ঠিক করে স্ত্রীকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা ছিল তার। নতুন জীবনের নানা স্বপ্ন ও পরিকল্পনা নিয়েই দিন কাটছিল।রবিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।নিহত সুজন আলী পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের শফিউল ইসলামের ছেলে। তিনি রাজধানীর তুরাগ এলাকায় অবস্থিত এইচ.এ ল্যাবরেটরি স্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নববধূর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। যে মানুষটি কয়েকদিন আগে নতুন সংসারের স্বপ্ন বুনছিলেন, সেই মানুষটিকেই এখন চিরবিদায় জানাতে হচ্ছে পরিবারকে।