উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিত নতুন শিক্ষাভবনের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য শুধু জিপিএ-৫ অর্জন নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি আনন্দদায়ক ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। তিনি জানান, বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে।শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত “বিশ্বেশ্বর পোদ্দার” ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা ও দক্ষতা বিকাশের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পৃথক অবকাঠামো নির্মাণও সেই প্রচেষ্টারই অংশ।সোনারগাঁয়ের শিক্ষা উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দরে যে পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল, সেটি এখন সোনারগাঁয়ে বাস্তবায়নের পথে রয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১০০ বিঘা জমি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে দ্রুত এগিয়ে নেওয়া হবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, নতুন শিক্ষাবর্ষে বই বিতরণ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিষয়ে তিনি জানান, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচির মাধ্যমে দেশের শিক্ষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান ব্যবস্থার আওতায় আনা হবে। এতে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে।প্রাথমিক শিক্ষা খাতে বিদ্যমান শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলার কারণে বহু পদে নিয়োগ কার্যক্রম আটকে আছে। এসব জটিলতা দ্রুত নিরসনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়েও সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধীজন।অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিভা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।