উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
মো. শাহজাহান বাশারনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা পরিচালনা এবং রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির অভিযোগে এক কারখানা মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁও-এর আওতাধীন এলাকায় অবৈধভাবে স্থাপিত গ্যাস লাইন ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সোনারগাঁও জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকায় একটি অবৈধ চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে দেখা যায়, কারখানাটি অনুমোদনহীনভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির অপরাধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমি ও চুন কারখানার মালিক মো. আবু বক্কর (২৬), পিতা- আনোয়ার হোসেনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের রাজস্ব সুরক্ষা এবং অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও চুরি রোধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে স্থানীয়দের মধ্যে অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।