উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবাদদাতা, বিয়ানীবাজার ||
সিলেটের বিয়ানীবাজারে পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নে বালতির পানিতে ডুবে এক শিশু এবং মাথিউরায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার একটি পরিবার বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারোপার এলাকায় এসে গৃহস্থালির কাজ করতেন। বুধবার দুপুরে ওই পরিবারের সাড়ে তিন বছরের কন্যা শিশু মুনতাহা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত ঘরে থাকা বালতির পানির মধ্যে পড়ে ডুবে মারা যায়। নিহত মুনতাহা কুলাউড়ার বাসিন্দা ইকবাল হোসেন ইয়াছিনের মেয়ে।এদিকে, একই দিন দুপুরে উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নুর উদ্দীন ওরফে নুরই মিয়া। স্থানীয়রা জানান, দুপুরে তিনি বাড়ির পাশে আম গাছে ওঠেন। এসময় হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাবিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।