উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট প্রতিবেদক ||
সিলেটের গোলাপগঞ্জে ব্যাংকের টাকা বহনকারী কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হিরা মিয়া। তিনি সিলেটের খাদিম এলাকার বিআরটিসি মীর মহল্লা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের দুই কর্মী—হাজি মো. আলী ও সাফওয়ান আহমদ। টাকা নিয়ে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে পৌর এলাকার দাঁড়িপাতন নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতি রোধ করে। মুহূর্তের মধ্যে তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুই ব্যাংক কর্মীকে জিম্মি করে ফেলে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় গত ১৪ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় হিরা মিয়ার অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত হিরা মিয়া একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।’