উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এক সময় সিলেট শিক্ষায় অগ্রগামী অঞ্চল হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বিভিন্ন সূচকে পিছিয়ে পড়েছে। শিক্ষার এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারা দুঃখজনক উল্লেখ করে তিনি সিলেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।বুধবার (২০ মে) সকালে সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নারীশিক্ষা বিস্তারে সিলেটের নারীদের ঐতিহাসিক ও অগ্রগামী ভূমিকার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, "একসময় প্রতিকূল পরিবেশের মধ্যেও এ অঞ্চলের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।" তিনি বিশেষভাবে দুজন মহীয়সী নারীর অবদান স্মরণ করেন শামসি খানম চৌধুরী, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী, সিলেটের প্রথম নারী গ্র্যাজুয়েট। লীলা নাগ, মৌলভীবাজারের রাজনগরের কৃতী সন্তান, যিনি ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রথম নারী ছিলেন।আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মহিলা কলেজকে অঞ্চলের নারীশিক্ষার ‘অগ্রদূত’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আশির দশকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এ কলেজকে জাতীয়করণ করলেও এখনও এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।সিসিক প্রশাসক আশ্বস্ত করেন যে, কলেজে নতুন বিষয় চালু, প্রয়োজনীয় শিক্ষক পদ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক মানোন্নয়নে দ্রুত কাজ করা হবে।তিনি শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে ডিভাইসে (মোবাইল/ট্যাব) সময় নষ্ট না করে মূল পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক অনুপা নাহার ওয়ালেদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামছুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী।এছাড়াও শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক সহকারী অধ্যাপক মোছাম্মৎ নাহিদা আক্তারসহ সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।