উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট প্রতিবেদক ||
সিলেটের কানাইঘাট পৌরশহরে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮ মে) দুপুরে পৌরশহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ জানায়, নিহত শিশুর বাবা অশেষ দাস বাদী হয়ে ভ্যানচালক সুফিয়ান আহমদকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার সুফিয়ান আহমদ (২৬) পৌরসভার বায়মপুর গ্রামের বাসিন্দা এবং বশির আহমদের ছেলে।নিহত শিশুর বাড়ি বড়লেখা উপজেলা এলাকায়। তবে সে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওরঘড়ি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পানিবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।দুর্ঘটনার পর স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।