উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক ও তিউনিসিয়ায় আগামী ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী দেশগুলোতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ঈদ উদযাপিত হবে ২৮ মে।রবিবার (১৭ মে) সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঈদের তারিখ ঘোষণা দেন।অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটিতে জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে যিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। এ কারণে দেশটিতে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।তুরস্কে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী দেশটিও ২৭ মে ঈদ উদযাপন করবে।এর আগে শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটি জানিয়েছে, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।